এসডিজি অর্জনে পিছিয়ে বিশ্ব, একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসডিজির লক্ষ্য অর্জনে বিশ্ব এখনো অনেক পিছিয়ে রয়েছে। তাই দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই।শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের এখন কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে কাজ করতে হবে।’তিনি বলেন, এসডিজি বাস্তবায়ন কোনো একক দেশ বা প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কার্যকর সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ লক্ষ্যে এগোতে হবে।এসডিজি বাস্তবায়নের গতি বাড়াতে আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি মনে করেন, দারিদ্র্য দূরীকরণ, ক্ষুধামুক্ত বিশ্ব গড়া, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈষম্য কমানোর মতো লক্ষ্যগুলো অর্জনে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ জরুরি।জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে।সূত্র: বাসস