ঢাকা, বাংলাদেশ
২৪° ঢাকা · পরিষ্কার আকাশ ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
বাংলা ভিউজ

হাতিরঝিলে প্রবাসীকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ১

রাজধানীর হাতিরঝিলে ৫০ হাজার টাকা চাঁদা দিতে অস্বীকৃতি জানানো এবং মাদক ব্যবসাসহ অবৈধ কর্মকাণ্ডে বাধা দেওয়ার জেরে প্রবাসী সানাউল্লাহ গনিকে (৩৫) গুলি ও রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি আক্তার হোসেন ওরফে কুদ্দুসকে (৪২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৩)।এসআরবি-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার এবং ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার মো. মেহেদী ইমরান সিদ্দিকী জানান, ২৮ নভেম্বর বিকেলে রাজধানীর হাতিরঝিল থানাধীন পূর্বউলন, পশ্চিম রামপুরা এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে এসআরবি জানায়, সানাউল্লাহ গনি কাতারপ্রবাসী ছিলেন। প্রায় দুই মাস আগে দেশে ফিরে রামপুরার বাগিচারটেক এলাকায় বসবাস শুরু করেন তিনি।পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার আক্তার হোসেন মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। ওই চক্রের কর্মকাণ্ডে সানাউল্লাহ ও তাঁর বন্ধুরা বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।এরই ধারাবাহিকতায় গত ২১ নভেম্বর মেসেঞ্জারের মাধ্যমে সানাউল্লাহর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে চক্রটির সদস্যরা। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।এর দুই দিন পর, ২৩ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিটের দিকে অভিযুক্ত ব্যক্তিরা বাগিচারটেক গ্যারেজ পট্টির একটি গ্যারেজে প্রবেশ করেন। সেখানে দায়িত্বরত দারোয়ানদের মারধরের পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। এতে আনুমানিক ১০ হাজার টাকার ক্ষতি হয়।এসআরবির তথ্য অনুযায়ী, হামলাকারীরা চাঁদা আদায়ের উদ্দেশ্যে গ্যারেজের মালিককে খুঁজছিলেন। তবে তাঁকে না পেয়ে গ্যারেজ থেকে বেরিয়ে আসার সময় পাশের গলিতে সানাউল্লাহকে দেখতে পান।এ সময় আগের বিরোধ এবং দাবি করা চাঁদা না দেওয়ার জেরে সানাউল্লাহর পথ আটকে হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।হামলার ঘটনায় সানাউল্লাহর পরিবারের পক্ষ থেকে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়।এসআরবি-৩ জানায়, হাতিরঝিল থানা পুলিশের অনুরোধে মামলাটির ছায়া তদন্ত শুরু করে তারা। তদন্তের ধারাবাহিকতায় মামলার এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি আক্তার হোসেন ওরফে কুদ্দুসকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৩।

হাতিরঝিলে প্রবাসীকে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ১
Richman