বৃষ্টিতে ওমানের বিদায়, এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে মালয়েশিয়া। বৃষ্টির কারণে ওমান ও মালয়েশিয়ার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে মালয়েশিয়া।শনিবার নিশিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দলের ম্যাচটি। কিন্তু টানা বৃষ্টির কারণে মাঠে খেলা তো দূরের কথা, টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।এই এক পয়েন্টে মালয়েশিয়ার মোট পয়েন্ট দাঁড়ায় ৩। ফলে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং, চায়না। সমানসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় ওমানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।এশিয়ান গেমস ক্রিকেটের নিয়ম অনুযায়ী, আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বের ফলের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে। অন্যদিকে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান।আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।এদিকে বৃষ্টির কারণে শনিবার সকালে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। ফলে নেপাল শেষ আটে জায়গা করে নিয়েছে এবং বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।অন্য কোয়ার্টার-ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আগামী সোমবার প্রথম কোয়ার্টার-ফাইনালে হংকংয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিন বেলা ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।