ঢাকা    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ

দেশের কোথাও কৃত্রিম সংকট তৈরি করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।বৈঠকে জ্বালানি মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহে সামগ্রিকভাবে কোনো ঘাটতি নেই। তবে কোনো কোনো এলাকায় কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে কিনা, সে বিষয়ে তথ্য সংগ্রহ করতে হবে।সরবরাহ স্বাভাবিক থাকার পরও কোনো এলাকায় সংকটের অভিযোগ কেন উঠছে এবং সেখানে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি হচ্ছে কিনা, তা যাচাই করে তথ্য-প্রমাণসহ প্রতিবেদন পাঠাতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।মন্ত্রী জানান, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনার পর এলপিজি আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো এলাকায় সরবরাহে ঘাটতি পাওয়া গেলে সেখানে সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।ইকবাল হাসান মাহমুদ বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করে এলপিজির দাম বাড়ানো হলে অথবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের নিজ নিজ এলাকায় বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সরবরাহ ব্যবস্থার বিষয়ে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে কোনো এলাকায় সরবরাহ ঘাটতি বা অতিরিক্ত দামে এলপিজি বিক্রির বিষয়টি পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হবে।

এলপিজির কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ