ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তালিয়ায় জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ (COP31)-এর অবকাশে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের সঙ্গে এক সৌজন্য ও দ্বিপক্ষীয় সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় সম্মেলন চলাকালীন এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি যৌথ ছবি প্রকাশ করেন। ফেসবুক বার্তায় তিনি উল্লেখ করেন, আন্তালিয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে ফলপ্রসূ সাক্ষাৎ হয়েছে।এমিনে এরদোয়ান জানান, আলোচনায় জলবায়ু ন্যায়বিচার (Climate Justice), টেকসই উন্নয়ন এবং পরিবেশ দূষণ রোধে বিশ্বব্যাপী ‘জিরো ওয়েস্ট’ (Zero Waste) বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতার অপরিহার্যতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি উল্লেখ করেন, পরিবেশ বিপর্যয় মোকাবিলায় এবং বৈশ্বিক লক্ষ্যমাত্রাগুলো দ্রুত অর্জনে বিশ্ব সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ ও নিবিড় অংশীদারত্ব এখন সবচেয়ে জরুরি।উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান, উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেছেন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা, অভিযোজন তহবিলের নিশ্চয়তা ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত রয়েছেন ডা. জুবাইদা রহমান। একই দিন আন্তালিয়ায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়।

আন্তালিয়ায় জুবাইদা রহমানের সঙ্গে এরদোয়ানের স্ত্রীর সাক্ষাৎ