ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এমপি নুসরাত তাবাসসুমের পোড়া বাড়ি পরিদর্শনে বিরোধীদলীয় টিম

পেট্রোল বোমা ও অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে আসছেন বিরোধীদলীয় একটি সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তাঁর ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করবেন তাঁরা।এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে সেখানে বিরোধীদলীয় সংসদীয় টিমের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হবে।চার সদস্যের এই বিরোধীদলীয় সংসদীয় টিমে রয়েছেন— এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এমপি নুসরাত তাবাসসুমের দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। হামলার সময় বাড়িটিতে আটজন অবস্থান করছিলেন, যাঁদের মধ্যে দুজন আহত হন। এছাড়া আগুনে দুটি ছাগল মারা যায় এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।এ ঘটনায় সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বাদী হয়ে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারভুক্ত আট আসামি হলেন— কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি ও সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার ও যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, কুষ্টিয়া জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মীর সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মমিনুর রহমান মহন ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।

এমপি নুসরাত তাবাসসুমের পোড়া বাড়ি পরিদর্শনে বিরোধীদলীয় টিম