ইরানের নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস মার্কিন ড্রোন?
হরমুজ প্রণালির আকাশে একটি উন্নত এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)।সোমবার দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথের পশ্চিম অংশে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। তাসনিম নিউজ এজেন্সি ও ইরানি রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নির্দেশনায় আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন প্রতিরক্ষা ব্যবস্থা অভিযানটি পরিচালনা করে।ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, ড্রোনটি নজরদারি চালাচ্ছিল। তবে এটি যুক্তরাষ্ট্রের কি না, কোন সংস্থা পরিচালনা করছিল কিংবা ড্রোনটির ধ্বংসাবশেষের কোনো ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।হরমুজ প্রণালিকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার মধ্যেই এ দাবি সামনে এলো। সাম্প্রতিক সময়ে নৌপথটিতে সামরিক ও বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে।সূত্র: আলজাজিরা