ঢাকা    বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ ৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হওয়ার কথা ছিল। চলতি অর্থবছরের তৃতীয় একনেক সভায় বড় কয়েকটি প্রকল্পের সঙ্গে এমআরটি লাইন-৫-এর সাউদার্ন রুটও আলোচ্যসূচিতে রয়েছে। প্রস্তাবিত ‘ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫): সাউদার্ন রুট’ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ঢাকার পশ্চিম ও পূর্বাঞ্চলকে যুক্ত করবে এই মেট্রোরেল। পরিকল্পনা অনুযায়ী, ১৭ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ রুটটির বড় অংশই হবে পাতালপথে। গাবতলী থেকে শুরু করে টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, কলেজ গেট, আসাদ গেট, শুক্রাবাদ, কাওরান বাজার, হাতিরঝিল, তেজগাঁও ও আফতাবনগর হয়ে দাশেরকান্দিতে পৌঁছাবে এই লাইন। পুরো যাত্রায় প্রায় ২৮ মিনিট লাগতে পারে। প্রকল্পের সংশোধিত হিসাবে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫ হাজার ১৯৭ কোটি ৬৬ লাখ টাকা। বাকি ৩০ হাজার ৩০৬ কোটি ১০ লাখ টাকা প্রকল্প ঋণ হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এবং দক্ষিণ কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ৫৪ হাজার ৬১৯ কোটি টাকা। পরে নকশা, জমি অধিগ্রহণ, প্রশাসনিক ব্যয় এবং ঋণের সুদ হিসাবের বিভিন্ন অংশ পর্যালোচনা করে ব্যয় প্রায় ৯ হাজার ১১৫ কোটি টাকা কমানো হয়েছে। তবে বাদ দেওয়া ঋণের সুদ ও কমিটমেন্ট চার্জের একটি অংশ পরবর্তী সময়ে সরকারকেই পরিশোধ করতে হবে। প্রস্তাব অনুযায়ী, প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্টের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে। নির্মাণ শেষ হলে এটি রাজধানীর পূর্ব-পশ্চিমমুখী যাতায়াতে বড় ধরনের সক্ষমতা যোগ করবে বলে আশা করছে সরকার। তবে প্রকল্পটি আজই অনুমোদন পাবে কি না, সেটি একনেক সভার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। প্রকল্পের নির্মাণ ও তদারকি পরামর্শক নির্বাচনের প্রক্রিয়া নিয়ে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধির পক্ষ থেকে অভিযোগ ওঠার খবরও প্রকাশ হয়েছে।সূত্র: বাসস,

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু