মারা গেলেন এফডিসি মসজিদের মোয়াজ্জিন আব্দুর রশিদ
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মসজিদে দীর্ঘদিন মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করা হাফেজ আব্দুর রশিদ মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।তিনি জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুর রশিদের মৃত্যুর পর তার মরদেহ বিএফডিসিতে নেওয়া হয়। সেখানে সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন।জানাজা শেষে মরদেহ আব্দুর রশিদের নিজ এলাকা কুমিল্লায় নেওয়ার প্রস্তুতি চলছিল। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী সেখানেই তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।দীর্ঘদিন ধরে বিএফডিসির মসজিদে মোয়াজ্জিনের দায়িত্ব পালন করায় চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের কাছেই পরিচিত ছিলেন হাফেজ আব্দুর রশিদ। নিয়মিত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি এফডিসির ধর্মীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তি শোক প্রকাশ করেছেন।