চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশসীমা খুলে দিল এফএএ
প্রযুক্তিগত বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে পুনরায় আকাশসীমা খুলে দেওয়া হয়। এর ফলে চার ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর দেশটিতে আবারও উড়োজাহাজের উড্ডয়ন শুরু হয়েছে। তবে এই বিভ্রাটের প্রভাব আগামী কয়েক দিন পর্যন্ত থাকতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় রাডার ও যোগাযোগসংক্রান্ত অস্থিতিশীলতা দেখা দেওয়ার পর উড্ডয়ন বন্ধের নির্দেশ দিয়েছিল এফএএ।রয়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, রাডার, যোগাযোগব্যবস্থা এবং বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে একযোগে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে উড্ডয়ন স্থগিতের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো কার্যকারিতা হারাতে শুরু করেছিল বলে জানান তিনি।ডাফি জানান, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় চালু করা হয়েছে। একই সঙ্গে এফএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) ব্যবস্থার কার্যক্রমও সচল রয়েছে।তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাৎক্ষণিকভাবে বিমান চলাচল পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। বিকেলের প্রযুক্তিগত সমস্যার কারণে তৈরি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে আরও সময় প্রয়োজন হবে। এর প্রভাব আগামী কয়েক দিন ফ্লাইট পরিচালনায় থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তে নির্ধারিত ফ্লাইটগুলোর বিষয়েও পর্যালোচনা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থার প্রযুক্তিগত অবকাঠামো অনেক পুরোনো বলে মন্তব্য করেছেন ডাফি। রাউটারগুলোর সক্ষমতা আধুনিকায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে এ খাতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছেন তিনি। বর্তমানে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে রয়েছে।এদিকে, দেশজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় সাইবার হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় যে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গেও এই ঘটনার কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট করেছেন তিনি।এর আগে তিনটি সূত্র জানিয়েছিল, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এই বিভ্রাটের সম্পর্ক থাকতে পারে। তবে ডাফির বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় যোগাযোগব্যবস্থা কিংবা রাডার সক্ষমতা সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েনি।এই প্রযুক্তিগত বিপর্যয়ে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। আটকে পড়েছেন অসংখ্য যাত্রী। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ভোগান্তির শিকার হয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম।তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে আগের দিন তার ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার আবারও দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে একই ফ্লাইট বাতিল হওয়ায় তাকে নতুন করে ভোগান্তিতে পড়তে হয়।সূত্র: বিবিসি।