এনায়েতপুরে চায়ের দোকানে ঢুকে আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা!
সিরাজগঞ্জের এনায়েতপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে আশরাফ আলী (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেটের একটি চায়ের দোকানে এই হামলার ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁর মৃত্যু হয়।দৈনিক ইত্তেফাক, পুলিশ ও নিহতের পরিবার সূত্রে এসব তথ্য জানা গেছে।নিহত আশরাফ আলী এনায়েতপুর থানার গোপরেখী ধরপাড়া গ্রামের মৃত সোহরাব আলী ব্যাপারীর ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে গোপরেখী ফুটানি মার্কেটের ইয়ামিনের চায়ের দোকানে পান খেতে যান আশরাফ আলী। এ সময় ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে করে ২০ থেকে ৩০ জনের একটি দল সেখানে এসে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তাঁকে বেধড়ক মারধর ও পাঁজরে উপর্যুপরি ছুরিকাঘাত করে বিভিন্ন স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।খবর পেয়ে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোররাতে তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে।এ ঘটনায় নিহতের ছোট ভাই মো. রেজাউল অভিযোগ করে বলেন, বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাঁর ভাইকে হত্যা করেছেন। তিনি দাবি করেন, রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদার, আলামিন শিকদার ও হজরত আলীর নেতৃত্বে ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আসা নেতাকর্মীরা এই হামলা চালান। মৃত্যুর আগে তাঁর ভাই হামলাকারীদের কয়েকজনের নাম বলে গেছেন বলেও দাবি করেন রেজাউল। তিনি এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সূত্র: দৈনিক ইত্তেফাক