৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী
আদালতে মামলার চাপ কমানো এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় আদালতে মামলা করার আগেই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরের মাধ্যমে বিরোধ মীমাংসার সুযোগ পাবেন বিচারপ্রার্থীরা।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।আইন মন্ত্রণালয় ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ উদ্যোগে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক এ সম্মেলন অনুষ্ঠিত হয়।আইনমন্ত্রী বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর মাধ্যমে বিচারপ্রার্থীরা আদালতের দীর্ঘ প্রক্রিয়ায় না গিয়েও বিরোধ সমাধানের সুযোগ পাবেন।প্রচলিত বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষকে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলো বিচারিক প্রক্রিয়ার ব্যয় এবং মানসিক চাপ বহন করতে গিয়ে বেশি সমস্যায় পড়েন।তাঁর মতে, মামলা দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা গেলে একদিকে নতুন মামলার সংখ্যা কমবে, অন্যদিকে আদালতের ওপর চাপও হ্রাস পাবে। একই সঙ্গে বিচারপ্রার্থীদের সময় ও অর্থ সাশ্রয় হবে।এ সময় দেশে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন আইনমন্ত্রী। দেশের সব জেলায় এ ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।সম্মেলনে বাণিজ্যিক আদালত আইন নিয়েও কথা বলেন মো. আসাদুজ্জামান। তিনি জানান, জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটাসহ বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীর অভিজ্ঞতা ও তথ্য পর্যালোচনা করে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে।বাংলাদেশে বিনিয়োগ করতে আসা বিদেশি প্রতিষ্ঠানগুলো যাতে বিচারিক কিংবা আইনগত প্রক্রিয়ায় অযৌক্তিক হয়রানির শিকার না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এবং জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো বক্তব্য দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস।এ ছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের এ পর্যন্ত অর্জন, বাস্তবায়নের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ, লিগ্যাল এইড কর্মকর্তা, আইনজীবী এবং জাইকার প্রতিনিধিরা অংশ নেন।