একাদশ শ্রেণির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ একদিন পিছিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণির পাঠদান শুরু হবে।বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ অনুযায়ী অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ওই দিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এক দিনের ছুটি থাকায় নির্ধারিত সূচিতে পরিবর্তন আনা হয়েছে।এ কারণে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিন পুনর্নির্ধারণ করে ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের নতুন তারিখের বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।ফলে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক পাঠদান শুরু হবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে।