বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব ব্যবস্থাপনায় বেসরকারি বিনিয়োগ অন্তর্ভুক্ত করার ফিফার প্রস্তাবের বিরোধিতায় এবার আনুষ্ঠানিকভাবে অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এর আগে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফও একই ধরনের আপত্তি জানিয়েছিল।এএফসি এক বিবৃতিতে জানায়, ফিফার প্রস্তাবিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ প্রকল্প নিয়ে তাদের গুরুতর উদ্বেগ রয়েছে। সংস্থাটির মতে, বিষয়টি শুধু একটি বাণিজ্যিক উদ্যোগ নয়; বরং ফিফার পরামর্শ গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তৈরি করেছে।এর আগে উয়েফা জানিয়েছিল, প্রস্তাবটি প্রত্যাহার না হলে তারা বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতা বর্জনের বিষয়টি বিবেচনা করবে। একইভাবে কনকাকাফও এ উদ্যোগের বিরোধিতা করেছে। সর্বশেষ এএফসির আপত্তির ফলে ফিফার ২১১ সদস্যের মধ্যে ১৪৩টি সদস্যদেশ এই পরিকল্পার বিপক্ষে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এতে প্রস্তাবটি অনুমোদনের সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে।[BANGVIEWS-POST:2864]ফিফার পরিকল্পনা অনুযায়ী, ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করে বিশ্বকাপসহ বড় আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক স্বত্ব পরিচালনা করা হবে। এ প্রতিষ্ঠানের ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাবও রয়েছে। সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনালের নাম আলোচনায় এসেছে।এএফসির অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ একটি পরিকল্পা প্রকাশের আগে সদস্য সংস্থাগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনা করা হয়নি। সংস্থাটি আরও বলেছে, বিশ্বকাপ বর্জনের মতো বিষয় জনসমক্ষে আলোচনায় চলে আসা বিশ্ব ফুটবলের জন্য উদ্বেগজনক এবং এমন পরিস্থিতি এড়ানো উচিত ছিল।এদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, পরিকল্পাটি কার্যকর করতে সদস্যদেশগুলোর সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। তবে উয়েফা, কনকাকাফ ও এএফসির বিরোধিতার কারণে প্রস্তাবটির ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।