উবারের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিবেশদূষণ ও কার্বন নিঃসরণ কমাতে উবারের বহরে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এ জন্য উবারের সহযোগী চালকদের বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশে উবারের কার্যক্রমের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘উবারের প্রতি আমার আহ্বান থাকবে, তারা যেন তাদের বহরে বৈদ্যুতিক গাড়ি যুক্ত করতে সহযোগী চালকদের উৎসাহিত করে।’তাঁর মতে, পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে প্রচলিত জ্বালানিচালিত গাড়ির পাশাপাশি বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো প্রয়োজন। বিশেষ করে ঢাকা শহরের দূষণ কমানোর উদ্যোগে উবারের মতো পরিবহনসেবা প্রতিষ্ঠানের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।নিজের বিদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে মীর হেলাল জানান, ইউরোপের অনেক দেশে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। দুবাইয়ে উবার ব্যবহার করার সময়ও বেশির ভাগ ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ি পেয়েছেন তিনি।প্রতিমন্ত্রী বলেন, ঢাকা শহরকে আরও সবুজ ও দূষণমুক্ত করে গড়ে তুলতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রীও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনসহ বিকল্প পরিবহনব্যবস্থা চালুর বিষয়ে আগ্রহী।এ ক্ষেত্রে উবারের সহযোগী চালকদের বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর কিংবা নতুন বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি।অনুষ্ঠানে বাংলাদেশে উবারের এক দশকের কার্যক্রমের প্রশংসাও করেন মীর হেলাল। তিনি বলেন, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মানুষের যাতায়াতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।আগামী দিনে দেশের অন্যান্য অঞ্চলেও উবারের সেবা সম্প্রসারণের আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে গত ১০ বছরে প্রতিষ্ঠানটি যে সেবার মান বজায় রেখেছে, তা ধরে রাখার আহ্বান জানান।উবারের সঙ্গে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। মীর হেলাল জানান, ২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের জন্য যোগাযোগ রক্ষা করা কঠিন ছিল। সে সময় বিভিন্ন পরিবহন ব্যবহার করতে হলেও উবারকে সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে পেয়েছিলেন।প্রতিমন্ত্রীর মতে, উবারের কাজ শুধু যাত্রীকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া নয়, নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশে ও বিদেশে ব্যক্তিগত যাতায়াতের ক্ষেত্রেও তিনি নিয়মিত উবার ব্যবহার করেন বলে জানান।প্রতিষ্ঠানটির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা চালক ও সহযোগীদের বিষয়েও ইতিবাচক মন্তব্য করেন মীর হেলাল। তিনি বলেন, শুরুর দিকের অনেক সহযোগী এখনো উবারের সঙ্গে কাজ করছেন। এটি প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁদের দীর্ঘস্থায়ী সম্পর্কের পরিচায়ক।তাঁর মতে, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ। দীর্ঘদিনের অংশীদারত্ব ধরে রাখতে পারা একটি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক বিষয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং উবার বাংলাদেশের কান্ট্রি হেড জামশেদ হাসান।