ঢাকা    শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ ১৩ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খেলতে গিয়ে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

খেলতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে আশরাফুল আফসারের অসুস্থ হওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলছিলেন তিনি। একপর্যায়ে ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসার পর হঠাৎ মাটিতে পড়ে যান।পরে সেখানে থাকা কয়েকজন তাকে দ্রুত সহযোগিতা করার চেষ্টা করেন। তাকে বসিয়ে বুকে চাপ দেওয়ার পাশাপাশি পানি দেওয়ার চেষ্টা করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়।আশরাফুল আফসারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এ শোক প্রকাশ করেন।শোকবার্তায় মন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।মন্ত্রী বলেন, আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন তিনি। মোহাম্মদ আশরাফুল আফসার বিসিএসের ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

খেলতে গিয়ে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু