ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এক মাসের মধ্যে প্রতিটি উপজেলায় ছড়াবে বায়োগ্যাস কার্যক্রম!

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ লক্ষ্যে বায়োগ্যাসের ব্যবহার বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগামী এক মাসের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় বৃহৎ পরিসরে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বানাশুয়ায় একটি বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় যুব উন্নয়ন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো বায়োগ্যাস সম্প্রসারণে কাজ করছে বলে জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক বলেন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণেরা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করে তুলতে পারবেন। এর মধ্য দিয়ে সামগ্রিকভাবে দেশও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তরুণ প্রজন্মকে সুস্থ ধারায় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী আরও বলেন, মাদক, বিভিন্ন ধরনের অপকর্ম ও সামাজিক অবক্ষয় থেকে আগামী প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। এ লক্ষ্যে তরুণদের জন্য খেলাধুলার উপযোগী মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজীব তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্প পরিচালক এ কে এম মহিবুল ইসলাম। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠান শেষে বায়োগ্যাস প্ল্যান্ট নির্মাণ ও সম্প্রসারণের লক্ষ্যে গ্রামীণ উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

এক মাসের মধ্যে প্রতিটি উপজেলায় ছড়াবে বায়োগ্যাস কার্যক্রম!