উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটির প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ মোদির হাতে ‘ওলি দারাজালি দোস্তলিক অর্ডার’ তুলে দেন। এরপরই মুঘল সম্রাট বাবরের জন্মভূমির প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন বিজেপি ও সংঘ পরিবারকে কটাক্ষ করেছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। উজবেকিস্তানের এই সম্মান বিদেশি নেতাদের দেওয়া দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। ভারত ও উজবেকিস্তানের মধ্যে বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারত্ব শক্তিশালী করতে অবদানের স্বীকৃতি হিসেবে মোদিকে এই সম্মান দেওয়া হয়েছে।[BANGVIEWS-POST:4835]সম্মান পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মোদি বলেন, এই স্বীকৃতি পেয়ে তিনি সম্মানিত এবং এটি ভারত ও উজবেকিস্তানের দীর্ঘস্থায়ী বন্ধনের প্রতি উৎসর্গ করছেন। পুরস্কারটি শুধু তার ব্যক্তিগত সম্মান নয়, বরং ভারতের ১৪০ কোটি মানুষের সম্মান বলেও উল্লেখ করেন তিনি। তবে মোদির এই সম্মানকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেন এআইএমআইএম প্রধান ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। তিনি উজবেকিস্তানের সঙ্গে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের ঐতিহাসিক সম্পর্ক সামনে আনেন।ওয়াইসি বলেন, ‘আমি বিজেপিকে অভিনন্দন জানাই। যে দেশ থেকে বাবর ভারতে এসেছিলেন, সেই দেশই প্রধানমন্ত্রীকে সম্মান দিয়েছে। ফারগানা উপত্যকা উজবেকিস্তানে।’ ঐতিহাসিকভাবে বাবরের জন্ম ১৪৮৩ সালে ফারগানা উপত্যকায়, যা বর্তমানে উজবেকিস্তানের অংশ। পরে ভারতীয় উপমহাদেশে এসে ১৫২৬ সালে প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন তিনি।বাবরকে ঘিরে বিজেপি ও সংঘ পরিবারের রাজনৈতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে ওয়াইসি আরও বলেন, প্রধানমন্ত্রী এখন যেখানেই যাচ্ছেন, সেখান থেকেই পুরস্কার নিয়ে ফিরছেন। তার ভাষায়, যারা এতদিন বাবরের নাম ব্যবহার করে রাজনৈতিক আক্রমণ করেছেন, তাদের এখন ভাবা উচিত যে বাবরের জন্মভূমিই ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ওয়াইসি বলেন, ‘আপনারা বাবরের নাম করে এত অপমানজনক কথা বলতেন। অথচ সেই দেশের মানুষই এখন আপনাদের প্রধানমন্ত্রীকে সম্মানিত করছে। সংঘের উচিত বিষয়টি নিয়ে ভাবা।’ তিনি আশা প্রকাশ করেন, এরপর সংঘ পরিবার ও আরএসএসের সমর্থকেরা বাবরের নাম আগের মতো করে রাজনৈতিক আক্রমণে ব্যবহার করবেন না। [BANGVIEWS-POST:4834]বিজেপি ও আরএসএসের রাজনৈতিক বক্তব্যে মুঘল আমল, বিশেষ করে বাবরের নাম দীর্ঘদিন ধরেই আলোচিত। অযোধ্যার রামমন্দির ও বাবরি মসজিদ বিতর্কসহ ভারতের ইতিহাস নিয়ে রাজনৈতিক আলোচনায় বাবরের নাম বারবার উঠে এসেছে। সেই প্রেক্ষাপটেই উজবেকিস্তানে মোদির সম্মান পাওয়াকে ব্যবহার করে বিজেপি ও সংঘ পরিবারকে কটাক্ষ করেছেন ওয়াইসি।অন্যদিকে মোদি উজবেকিস্তানের প্রেসিডেন্ট মিরজিয়োয়েভকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছেন। ভারত ও উজবেকিস্তান বাণিজ্য, পরিচ্ছন্ন জ্বালানি, যোগাযোগ এবং কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণে কাজ করছে। ফলে মোদির জন্য উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা হলেও ওয়াইসির ‘বাবর’ প্রসঙ্গ সেটিকে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কেও নিয়ে এসেছে।সূত্র: ইন্ডিয়া টুডে