ঈশ্বরদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ
পাবনার ঈশ্বরদীতে নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানকে প্রকাশ্যে মারধর ও ছিনতাইয়ের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা অংশ নেন।বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর রাতে চর রূপপুর বিবিসি বাজারের চেরু মার্কেটের সামনে শিক্ষক আনিছুর রহমানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় এবং তার সঙ্গে থাকা নগদ ২২ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আফরোজা বুলবুল বলেন, সহকারী শিক্ষক আনিছুর রহমানের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ হোসেন।এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার জানান, ঘটনাটি রাতে বিদ্যালয়ের বাইরে ঘটেছে। বিষয়টি ব্যক্তিগত বা পূর্বশত্রুতার জেরে হয়ে থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয়। তাছাড়া স্কুল চলাকালীন সময়ে ছোট শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় বা মাঠে বিক্ষোভ করার কোনো প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি।ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিক্ষককে মারধরের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।