আমেরিকার মৃত্যু হোক’ স্লোগানে যাকার দ্বীপে প্রবেশ হুথি যোদ্ধাদের
লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যাকার দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সামরিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।প্রতিবেদন অনুযায়ী, রকেট হামলার পর স্থল অভিযান চালিয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় হুথি বাহিনী। এ সময় হুথি যোদ্ধাদের ‘আমেরিকার মৃত্যু হোক, ইসরাইলের মৃত্যু হোক’ স্লোগান দিতে দেখা যায়।একই সময়ে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকাতেও নিজেদের অবস্থান শক্ত করছে হুথিরা। এর আগে বৃহস্পতিবার কৌশলগত গুরুত্বপূর্ণ মোখা বন্দরনগরী দখলে নেওয়ার দাবি করে তারা। ইয়েমেনের সরকারি বাহিনীর সামরিক সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।যাকার দ্বীপের অবস্থান লোহিত সাগরের দক্ষিণ অংশে, যার কাছেই রয়েছে হানিশ দ্বীপপুঞ্জ ও গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি। এই প্রণালি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে এবং এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ।বিশ্লেষকদের মতে, হুথিরা যদি উপকূলীয় অঞ্চল ও আশপাশের দ্বীপগুলোর নিয়ন্ত্রণ আরও বাড়াতে পারে, তাহলে আন্তর্জাতিক জাহাজ চলাচল ও বৈশ্বিক বাণিজ্যপথে তাদের প্রভাব বাড়তে পারে।রয়টার্স জানিয়েছে, হুথি বাহিনী ইতোমধ্যে হানিশ দ্বীপপুঞ্জের দিকেও অগ্রসর হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার মোখা শহরে প্রবেশের সময় হুথি যোদ্ধারা বিভিন্ন স্লোগান দেয়।ইয়েমেনে সাম্প্রতিক সংঘাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এএফপির হিসাব অনুযায়ী, গত এক সপ্তাহের সংঘর্ষে প্রায় ৫০০ মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ২০ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।এদিকে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি আরবও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর দুই পক্ষের সংঘাত আরও তীব্র হয়েছে।