ঢাকা    শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়াল জাতিসংঘ!

ইয়েমেনের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের সবাই সর্বসম্মতিক্রমে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। গৃহীত নতুন প্রস্তাব অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইয়েমেনের নির্দিষ্ট ব্যক্তিদের ওপর আর্থিক লেনদেন ও ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ ২০২৭ সালের ১৪ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে ইয়েমেনের কয়েকজন ব্যক্তিকে নতুন করে এই নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবে ইরানপন্থি হুথি বিদ্রোহীদের সামুদ্রিক হামলা, সৌদি আরবে আন্তসীমান্ত হামলা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে হামলার হুমকির তীব্র নিন্দা জানানো হয়েছে। এছাড়া নিষেধাজ্ঞা বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং এ বিষয়ে নিয়মিত প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা ‘ইয়েমেনবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলের’ মেয়াদও বাড়ানো হয়েছে। যুক্তরাজ্যের সমর্থনে উত্থাপিত ওই প্রস্তাব অনুযায়ী, বিশেষজ্ঞ প্যানেলটির কার্যক্রম ২০২৭ সালের ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যবহৃত দ্বৈত-ব্যবহারযোগ্য উপাদান ও রাসায়নিকের সরবরাহ নিয়ন্ত্রণের বিষয়েও প্রস্তাবে গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই মাসে ইয়েমেনের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী হুথিদের মধ্যে নতুন করে সশস্ত্র সংঘাত শুরু হয়। এই সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন। ২০২২ সালের এপ্রিল মাস থেকে দেশটিতে যে আপেক্ষিক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল, জুলাইয়ের এই নতুন সংঘাত শুরুর ফলে তার অবসান ঘটে। চলমান লড়াই ও লাখ লাখ মানুষের বাস্তুচ্যুতির কারণে ইয়েমেনের মানবিক সংকট আরও গভীর হয়েছে। উল্লেখ্য, ২০১৪ সালের সেপ্টেম্বরে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা এবং দেশটির বেশ কয়েকটি প্রদেশ দখল করে নেওয়ার পর থেকেই ইয়েমেনে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। এর জবাবে ২০১৫ সালের মার্চে সৌদি আরবের নেতৃত্বে একটি আরব জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক হস্তক্ষেপ শুরু করে। এরপর থেকে দেশটিতে সংঘাত, বাস্তুচ্যুতি ও চরম মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।

ইয়েমেনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ বছর বাড়াল জাতিসংঘ!