সৌদির গুরুত্বপূর্ণ তেলবন্দর রক্ষায় সেনা পাঠাবে ফ্রান্স
সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলবন্দর ইয়ানবু রক্ষায় সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ফ্রান্স। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মাখোঁ বলেন, জ্বালানি পরিবহনের ক্ষেত্রে ইয়ানবু বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প এই পথটি সাম্প্রতিক সময়ে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।ফরাসি প্রেসিডেন্ট জানান, ইয়ানবুতে সেনাসদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হবে। তবে এর মাধ্যমে কোনো সংঘাতে জড়ানো ফ্রান্সের উদ্দেশ্য নয় বলেও স্পষ্ট করেন তিনি। গুরুত্বপূর্ণ স্থাপনাটি সুরক্ষিত রাখাই এই সামরিক সক্ষমতা মোতায়েনের লক্ষ্য বলে জানান মাখোঁ।ফরাসি টেলিভিশন টিএফ১ ও ফ্রান্স ২-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ‘আমরা সামরিক সক্ষমতা, অর্থাৎ সেনাসদস্য, রাডার ব্যবস্থা ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাব, যাতে এই স্থাপনাটি সুরক্ষিত রাখা যায়। আমাদের কোনো সংঘাতে জড়ানোর উদ্দেশ্য নেই।’সৌদি আরবের তেল রপ্তানির একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ইয়ানবু বন্দরের গুরুত্ব রয়েছে। সাম্প্রতিক সময়ে বন্দরটির দিকে তেল পরিবহনের রুটে হামলার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও বেড়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি নিষিদ্ধ করতে পারে—এমন সম্ভাবনারও সমালোচনা করেছেন মাখোঁ। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের নিষেধাজ্ঞা বিবেচনা করা হচ্ছে না। মাখোঁ বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে তা বিশ্ব অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্যই ‘বিপর্যয়কর’ হবে।পাশাপাশি ফ্রান্সের ভূখণ্ডে সম্ভাব্য রুশ হামলার আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন মাখোঁ। জ্বালানির উচ্চমূল্যের কারণে বর্তমানে অভ্যন্তরীণ চাপের মুখে থাকা ফরাসি প্রেসিডেন্ট অবশ্য শীতের আগে দেশে পর্যাপ্ত গ্যাস ও তেল সরবরাহ রয়েছে বলে আশ্বস্ত করেন।জ্বালানি সরবরাহের প্রবাহ যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্যারিস সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান মাখোঁ।