ইস্তাম্বুল বিমানবন্দরে চতুর্থ প্রধান রানওয়ে চালু
তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে নতুন একটি প্রধান রানওয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রানওয়েটির কার্যক্রম শুরু হয়।উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ান বলেন, ইস্তাম্বুল বিমানবন্দর এবং তুরস্কের পরিবহন অবকাঠামোর সক্ষমতা বাড়াতে চলমান বিনিয়োগের অংশ হিসেবে নতুন রানওয়েটি নির্মাণ করা হয়েছে।নতুন এই রানওয়ে নির্মাণে প্রায় ৮৯ কোটি ইউরো বিনিয়োগ করা হয়েছে। এটি চালু হওয়ার ফলে প্রধান ও ব্যাকআপ মিলিয়ে ইস্তাম্বুল বিমানবন্দরে মোট রানওয়ের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।পূর্ব-পশ্চিমমুখী নতুন রানওয়েটি কংক্রিট দিয়ে নির্মাণ করা হয়েছে। বিমানবন্দরের হ্যাঙ্গারগুলোর কাছাকাছি অবস্থানের কারণে এটি বিশেষ করে সাধারণ বিমান চলাচলের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে সহায়তা করবে বলে জানিয়েছেন এরদোয়ান।নতুন রানওয়ে চালু হওয়ায় বিমান অবতরণের পর ট্যাক্সিংয়ের সময় কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উড্ডয়নের আগে বিমানের অপেক্ষার সময়ও কমিয়ে আনা সম্ভব হবে।এরদোয়ানের মতে, বিমান চলাচলের এসব প্রক্রিয়ায় সময় কমলে জ্বালানি খরচ হ্রাসের পাশাপাশি কার্বন নিঃসরণও কমবে। এতে বিমানবন্দরের পরিচালন দক্ষতা বাড়ার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে।তুরস্ক আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ইস্তাম্বুল বিমানবন্দরের সক্ষমতা আরও বাড়াতে সাম্প্রতিক বছরগুলোতে বড় ধরনের অবকাঠামোগত বিনিয়োগ করে আসছে। নতুন রানওয়েটি সেই সম্প্রসারণ পরিকল্পনারই অংশ।