ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনিস আহমেদ। ব্যাংকটির পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করেছে। সোমবার (২৭ জুলাই) থেকে তার নিয়োগ কার্যকর হয়েছে।চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে আনিস আহমেদ ইবিএলের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য ছিলেন। এর আগে তিনি ব্যাংকটির ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।আনিস আহমেদ সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক শিল্পগোষ্ঠী এমজিএইচ গ্রুপের প্রতিষ্ঠাতা ও গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা। প্রতিষ্ঠানটি ২৬টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। সাপ্লাই চেইন, কনটেইনার টার্মিনাল, বিমান পরিবহন, লজিস্টিকস, খাদ্য ও পানীয়ের খুচরা ব্যবসা এবং আর্থিক সেবাসহ বিভিন্ন খাতে গ্রুপটির কার্যক্রম রয়েছে।রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ওভাই’, ইনস্যুরটেক প্রতিষ্ঠান ‘ওয়াদাআ.ইনসিউর’ এবং আবাসনভিত্তিক প্ল্যাটফর্ম ‘যাত্রা’রও প্রতিষ্ঠাতা তিনি। গত এক দশক ধরে বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক উদ্যোক্তা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন আনিস আহমেদ।নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ইবিএল ব্যাংকিংয়ের নতুন যুগে প্রবেশ করেছে। নারীনেতৃত্বাধীন জ্যেষ্ঠ ব্যবস্থাপনার বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়িয়ে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠার লক্ষ্যে পরিচালনা পর্ষদ কাজ করবে।আনিস আহমেদ ও তার স্ত্রী সুহানা আহমেদ প্রতিষ্ঠিত ‘সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন’ স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ফাউন্ডেশনটি জুলাই গণ-অভ্যুত্থানে আহত ২৬৮ ব্যক্তিকে সহায়তা দিয়েছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩১ শয্যার শিশু হেমাটোলজি ও অনকোলজি ওয়ার্ড পরিচালনায়ও সহায়তা করছে সংস্থাটি।আনিস আহমেদের আন্তর্জাতিক ব্যবসায়িক অভিজ্ঞতা ও কৌশলগত নেতৃত্ব ইবিএলের ভবিষ্যৎ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।