ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইসরায়েলি বিমান হামলায় গাজার অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধান নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম মোহাম্মদ আবু নাহল নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) গাজা সিটির পশ্চিমাঞ্চলে লক্ষ্যভিত্তিক হামলায় তাঁর মৃত্যু হয়। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি ইসরায়েলি কর্তৃপক্ষও তাঁর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৫০ বছর বয়সী আবু নাহল গাজা সিটির পশ্চিমাঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলায় নিহত হয়েছেন। তিনি গাজার হামাস-নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এর আগে চিকিৎসাসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গাজা সিটির পশ্চিমাঞ্চলে হায়দার স্কয়ারের কাছে বেসামরিক মানুষের একটি সমাবেশ লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। এতে একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হন।প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রটি। পরে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলায় নিহত ব্যক্তি নিরাপত্তাপ্রধান নাঈম আবু নাহল।অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে, গাজায় হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলাটি পরিচালনা করা হয়েছে। পরে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত ও সামরিক বাহিনী আবু নাহলকে হত্যার বিষয়টি নিশ্চিত করে।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের তৎকালীন প্রধান মুঈন আল-আরবিদকে ইসরায়েলি বাহিনী আটক করার পর আবু নাহল তাঁর স্থলাভিষিক্ত হন। আল-আরবিদ বর্তমানে ইসরায়েলের হেফাজতে রয়েছেন বলে জানানো হয়েছে।এদিকে মঙ্গলবার গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় আবু নাহলসহ অন্তত সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা ও পুলিশ সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন। গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের প্রধানকে হত্যার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযান ও পাল্টাপাল্টি হামলাকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত রয়েছে।সূত্র : আনাদোলু এজেন্সি

ইসরায়েলি বিমান হামলায় গাজার অভ্যন্তরীণ নিরাপত্তাপ্রধান নিহত