প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করল ইসরাইলি বাহিনী
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে অনুপ্রবেশ করে এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ (SANA) এক জরুরি প্রতিবেদনে এই হত্যাকাণ্ডের তথ্য নিশ্চিত করেছে।সানার প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ সিরিয়ার দারা প্রদেশের পশ্চিমাঞ্চলীয় সীমান্তসংলগ্ন গ্রাম জামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যরা অবৈধভাবে প্রবেশ করে এ নির্মম ঘটনা ঘটায়। ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই ওই প্রতিবন্ধী ব্যক্তি প্রাণ হারান। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর মরদেহ উদ্ধার করে চিকিৎসার আনুষ্ঠানিকতা ও ময়নাতদন্তের জন্য দারা জাতীয় হাসপাতালে নিয়ে যান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে সানা আরও জানিয়েছে, হত্যাকাণ্ডের আগে ভারী অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনারা আকস্মিকভাবে জামলা গ্রামে ঢুকে পড়ে এবং সাধারণ মানুষের বাড়িঘরে আগ্রাসী তল্লাশি অভিযান শুরু করে। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে সেনারা বেশ কয়েকটি বেসামরিক বাসাবাড়ির ছাদে স্নাইপার রাইফেলসহ অবস্থান নেয় এবং পুরো আবাসিক এলাকা লক্ষ্য করে বেপরোয়া ও নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে। এ ধরনের উসকানিমূলক ও নির্বিচার গুলিবর্ষণের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই অসহায় প্রতিবন্ধী ব্যক্তি।