মা ইলিশের প্রজনন রক্ষায় পদ্মা-মেঘনায় শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পদ্মা ও মেঘনা নদীর নির্দিষ্ট এলাকায় শুরু হচ্ছে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী অববাহিকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।প্রজনন মৌসুমে মা ইলিশ যাতে নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে এবং পরবর্তী সময়ে দেশে ইলিশের উৎপাদন ও প্রাচুর্য বৃদ্ধি পায়, সেই লক্ষ্যেই প্রতিবছর সরকার এই সময়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করে থাকে। এবারের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নের জন্য নদীসংলগ্ন খালের মুখগুলো স্থায়ী ও অস্থায়ীভাবে বন্ধ রাখার পাশাপাশি অভয়াশ্রম এলাকাগুলোতে পাঁচটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ টহল ও নজরদারি জোরদার করা হবে।এদিকে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই চাঁদপুরের জেলেরা নদী থেকে জাল ও ট্রলার তীরে তুলে আনতে শুরু করেছেন। কর্মহীন এই ২২ দিন নৌকা মেরামত ও জাল সংরক্ষণে ব্যস্ত সময় কাটাবেন জেলার ৫০ সহস্রাধিক জেলে। এই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে পরিবারগুলোর জীবিকা সুরক্ষায় চাঁদপুর জেলার নিবন্ধিত ৪১ হাজার ৩৯০টি জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে খাদ্য সহায়তা বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার।