শোবিজ থেকে বিদায় নয়, ভালো গল্প পেলে অভিনয় করবেন ইমরান আব্বাস
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ইমরান আব্বাস বিনোদনজগৎ ছেড়ে দিয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর নাকচ করেছেন। তাঁর দাবি, অভিনয় থেকে দূরে থাকার বিষয়ে দেওয়া বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। শোবিজ থেকে পুরোপুরি বিদায় নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি তিনি।মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান আব্বাসের অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে ইনস্টাগ্রামে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা।বিষয়টি নিয়ে মজার ছলে ইমরান আব্বাস লেখেন, ‘এইমাত্র সামাজিক মাধ্যম থেকে শুনলাম, আমি নাকি শোবিজ ছেড়ে দিয়েছি।’অভিনেতা জানান, গত দুই বছর ধরে তিনি অভিনয়ের পরিবর্তে নিজের ব্যবসা ও দাতব্য কর্মকাণ্ডে বেশি সময় দিচ্ছেন। এ কারণে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।তাঁর প্রত্যাখ্যান করা কাজগুলোর মধ্যে সরকারি চলচ্চিত্র তহবিলের অর্থায়নে নির্মিতব্য কিছু প্রকল্পও ছিল। তবে এসব প্রস্তাব গ্রহণ না করার অর্থ অভিনয়জগৎ থেকে চিরতরে সরে যাওয়া নয় বলে স্পষ্ট করেছেন তিনি।ইমরান আব্বাস বলেন, ‘এটি আমার অগ্রাধিকারের ভিত্তিতে নেওয়া সচেতন সিদ্ধান্ত, বিনোদন অঙ্গন থেকে বিদায় নয়।’গত কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত হয়ে পড়েছেন এই অভিনেতা। সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানান, অভিনয়ের তুলনায় বর্তমানে ব্যবসা ও মানবকল্যাণমূলক কাজে বেশি মনোযোগ দিচ্ছেন।পাকিস্তানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইমরান আব্বাস আবাসন ও নির্মাণ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বহুতল ভবন নির্মাণ প্রকল্প নিয়েও কাজ করছেন তিনি।তবে ব্যবসায় ব্যস্ত থাকলেও অভিনয়ের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইমরান।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শোবিজের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে, তবে আমার অগ্রাধিকার বদলেছে।’অভিনেতার ভাষ্য অনুযায়ী, এখন থেকে টেলিভিশন বা চলচ্চিত্রের যেকোনো প্রস্তাব গ্রহণের আগে গল্পের বিষয়বস্তু, উদ্দেশ্য ও সৃজনশীলতার দিকটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তিনি।যেসব গল্পে গভীরতা থাকবে এবং দর্শকদের অর্থবহ কিছু দেওয়ার সুযোগ তৈরি হবে, সেসব প্রকল্পে অভিনয় করতে আগ্রহী ইমরান আব্বাস।অর্থাৎ বিনোদনজগৎ থেকে স্থায়ীভাবে বিদায় নেওয়ার পরিবর্তে নিজের পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই পাকিস্তানি অভিনেতা। তবে তাঁর পরবর্তী অভিনয় প্রকল্প কবে শুরু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি।