ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল হজম বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। প্রথম দুই ম্যাচে হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে থমাস ডুলির দল। বিরতিতে বাংলাদেশ পিছিয়ে ৬-১ গোলে।টুর্নামেন্টে জয়ের খোঁজে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচের শুরুতে কিছুটা গোছানো ফুটবল খেললেও বেশিক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি হামজা চৌধুরীরা।১১তম মিনিটে বাংলাদেশের জালে প্রথম গোল করে ইন্দোনেশিয়া। ওলে রোমেনির পাস থেকে গোল করেন লে বেকার। ২০তম মিনিটে আবারও লক্ষ্যভেদ করে নিজের দ্বিতীয় গোলের পাশাপাশি স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন তিনি।এর ১২ মিনিট পর রিজকি রিদোর পাস থেকে তৃতীয় গোল পায় ইন্দোনেশিয়া।তিন গোলে পিছিয়ে পড়ার পর ৩৬তম মিনিটে ব্যবধান কমায় বাংলাদেশ। সুকির ক্রস থেকে আসা বলে হেড করে গোল করেন শাহরিয়ার ইমন। তাতে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।তবে বাংলাদেশের স্বস্তি স্থায়ী হয়নি। পরের মিনিটেই আবার গোল করেন লে বেকার। এই গোলের মাধ্যমে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি এবং ইন্দোনেশিয়া এগিয়ে যায় ৪-১ ব্যবধানে।৪২তম মিনিটে আরও একবার বাংলাদেশের জালে বল পাঠিয়ে নিজের চতুর্থ গোল করেন লে বেকার। প্রথমার্ধের যোগ করা সময়ে স্বাগতিকদের হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার।ফলে প্রথম ৪৫ মিনিট শেষে ৬-১ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।এর আগে ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতা করলেও সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলের হার এড়াতে পারেনি জামাল ভূঁইয়ারা।টানা দুই হারের পর গ্রুপপর্বের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধেই ছয় গোল হজম করায় ম্যাচটি আরও কঠিন হয়ে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।