আগুন নিয়ন্ত্রণের দুই দিন পরই ইনানীর গ্যাসকূপে বিস্ফোরণ, আহত ৭
কক্সবাজারের উখিয়ার ইনানীতে দীর্ঘ এক মাস ধরে জ্বলতে থাকা গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনার মাত্র দুই দিনের মাথায় আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) সাত কর্মকর্তা-কর্মচারী দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়ার ইনানী ছোট ব্রিজ এলাকায় গ্যাস উদ্গিরণস্থলে এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণের পর কূপের গ্যাস নিয়ে জরিপ ও তথ্য সংগ্রহের কাজ চলছিল।বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ড. আব্দুস ছালাম।তিনি জানান, সম্প্রতি গ্যাসকূপের আগুন নেভানোর পর সেখানে জরিপ কার্যক্রম শুরু করা হয়। কাজ চলার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং কূপ থেকে আগুনের কুণ্ডলী বেরিয়ে আসে। এতে ঘটনাস্থলে দায়িত্ব পালনরত বাপেক্সের সাত কর্মী দগ্ধ হন।আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন বাপেক্সের উপমহাব্যবস্থাপক রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ ও রিগ মেকানিক মোহাম্মদ জনি। এ ছাড়া আরও চারজন আহত হয়েছেন।দগ্ধ সাতজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এর আগে গত ২৭ নভেম্বর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নিয়ন্ত্রণে আনে বাপেক্স। প্রায় এক মাস ধরে জ্বলতে থাকা আগুন নেভানোর পর কূপটির পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ভূগর্ভস্থ গ্যাস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়।গত ২৭ অক্টোবর উখিয়ার ইনানী ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য খননকাজ চালানোর সময় মাটির নিচ থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সেই গ্যাসে আগুন ধরে যায়।এরপর টানা এক মাস গ্যাস উদ্গিরণস্থলে আগুন জ্বলতে থাকে। দীর্ঘ প্রচেষ্টার পর ২৭ নভেম্বর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।তবে আগুন নিয়ন্ত্রণের দুই দিনের মধ্যেই জরিপ চলাকালে নতুন করে বিস্ফোরণ এবং সাত কর্মী দগ্ধ হওয়ার ঘটনায় কূপটির নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।