উখিয়ায় নলকূপ খুঁড়তে গিয়ে হঠাৎ গ্যাস বিস্ফোরণ
কক্সবাজারের পর্যটন এলাকা উখিয়ার ইনানীতে একটি গভীর নলকূপ খনন করার সময় মাটির নিচ থেকে হঠাৎ তীব্র বেগে আগুনের শিখা বের হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে ইনানী এলজিইডি সড়কের ছোট সেতু–সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের সঙ্গে গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া নির্গত হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের অতিরিক্ত চাপের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি।খবর পেয়ে উখিয়া সদর স্টেশন থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নলকূপের পাইপ বসানোর সময় হঠাৎ মাটির নিচ থেকে তীব্র বেগে গ্যাস ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে সেখানে আগুন জ্বলতে থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।আগুনের তীব্রতা ও ধোঁয়ার ব্যাপ্তি বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে জানমালের নিরাপত্তার স্বার্থে আগুনের উৎসের কাছাকাছি থাকা বাড়িঘর থেকে বাসিন্দারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে গেছেন।এদিকে অগ্নিকাণ্ডস্থলের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে আগুনের শিখা লেগে বড় ধরনের দুর্ঘটনা ঘটার ঝুঁকি তৈরি হয়। এ কারণে দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তার স্বার্থে ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি।