ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক পুরস্কার পেল ইনভেস্ট বাংলাদেশ

দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে সংস্কার এবং চট্টগ্রাম বন্দরের ৫৫ কোটি ডলারের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ইনভেস্ট বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৬-এ স্বল্পোন্নত দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে বিশেষ সম্মাননা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।মঙ্গলবার (১০ নভেম্বর) জেনেভার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়, বাংলাদেশ সময় রাত ১১টায় এ সম্মাননা প্রদান করা হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ।বুধবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার পাওয়ার বিষয়টি জানিয়েছে ইনভেস্ট বাংলাদেশ।বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সিজ (ওয়াইপা) এ পুরস্কারের আয়োজন করেছে। সংস্থাটির ৩০তম বিশ্ব বিনিয়োগ সম্মেলন ১০ থেকে ১২ নভেম্বর জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে।এ সম্মেলনে স্বল্পোন্নত দেশগুলোর বিনিয়োগ উন্নয়ন সংস্থার কার্যক্রম মূল্যায়ন করে স্বাধীন আন্তর্জাতিক বিচারকমণ্ডলী বিশেষ স্বীকৃতির জন্য প্রতিষ্ঠান নির্বাচন করে।ইনভেস্ট বাংলাদেশের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং এপিএম টার্মিনালসের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এ স্বীকৃতি মিলেছে।৫৫ কোটি মার্কিন ডলারের প্রকল্পটির আওতায় চট্টগ্রাম বন্দরে অত্যাধুনিক ও সম্পূর্ণ বিদ্যুৎচালিত কনটেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ২০৩০ সালে এটি চালু হওয়ার কথা। টার্মিনালটি চালু হলে দেশের প্রধান সমুদ্রবন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৪৪ শতাংশ বাড়বে বলে আশা করছে সংস্থাটি।সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এসব সংস্কারে সমর্থন দেওয়ার জন্য সরকারকে, সংস্কারগুলো বাস্তবায়নে সহযোগিতার জন্য আমাদের অংশীদারদের এবং বিনিয়োগকারীদের আরও ভালো ও দ্রুত সেবা দেওয়ার পরিবেশ গড়ে তুলতে অবদান রাখা ইনভেস্ট বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই। এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার অর্জন।’ইনভেস্ট বাংলাদেশের তথ্য বলছে, ২০২৫ সালে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের পরিকল্পনা তৈরির আগে দেশি-বিদেশি প্রায় ২০০ বিনিয়োগকারীর মতামত নেওয়া হয়। তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে বিভিন্ন সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়।এর মধ্যে রয়েছে আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বাড়ানো এবং বিদেশি পেশাজীবীদের নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া ডিজিটাল করা। একই সঙ্গে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়।বিদেশি ঋণ গ্রহণ ও বিনিয়োগের মূলধন প্রত্যাবাসনের প্রক্রিয়া সহজ করার বিষয়েও কাজ করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বাসেডর কর্মসূচির মাধ্যমে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় করে ইয়ংওয়ানসহ বড় বিনিয়োগকারীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে উদ্যোগ নেয় সংস্থাটি।বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য এফডিআই হিটম্যাপের মাধ্যমে ১৯টি অগ্রাধিকার খাতও চিহ্নিত করা হয়েছে।এর ধারাবাহিকতায় ২০২৬ সালের মার্চে ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগকারীদের সরকারি সেবা পাওয়া সহজ করা এবং সম্ভাবনাময় প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। সেপ্টেম্বরে এই কর্মপরিকল্পনার অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করা হয়।বিনিয়োগসংক্রান্ত কার্যক্রম সমন্বিত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষকে (পিপিপিএ) একীভূত করে ইনভেস্ট বাংলাদেশ গঠন করা হয়েছে।এর ফলে বিনিয়োগ সহায়তা, অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি প্রতিষ্ঠানের অধীনে এসেছে। ২০২৬ সালের ২৩ আগস্ট নতুন সংস্থাটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।ইনভেস্ট বাংলাদেশের দাবি, ২০২৫ সালে দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ প্রায় ৩৯ শতাংশ বেড়েছে।বর্তমানে বিভিন্ন দেশ ও খাত থেকে আসা প্রায় ১৩০ কোটি মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাবের অগ্রগতি পর্যবেক্ষণ করছে সংস্থাটি। এসব প্রস্তাব বাস্তব প্রকল্পে রূপ দেওয়াকে অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেও এসব উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে ইনভেস্ট বাংলাদেশ।

বিনিয়োগ উন্নয়নে আন্তর্জাতিক পুরস্কার পেল ইনভেস্ট বাংলাদেশ