ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট সংগঠনের ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) ও সোমবার (২১ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়।আটকদের মধ্যে রয়েছেন মোকাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. সাহেব আলী (৫০)। রোববার সন্ধ্যায় উপজেলার কোরপাই এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে।এ ছাড়া আটক হয়েছেন পূর্বহুড়া এলাকার মো. ফয়সাল ভূঁইয়া ও শাকিব হোসেন, পরিহলপাড়ার মো. আবুল কাশেম, ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেঁতাভূমি এলাকার ছাত্রলীগ নেতা রাহাগীর আলম হৃদয়, বুড়িচং পশ্চিমপাড়ার শফিকুল রহমান এবং গোবিন্দপুরের আবু সানি খন্দকার শাকিল।আটকদের তালিকায় আরও রয়েছেন বাকশীমূল ইউনিয়নের কাজী গোলাম কিবরিয়া, ভরাসারের মমিনুর রহমান মোহন, বাকশীমূল মধ্যপাড়ার মো. আনোয়ার হোসেন আনু মিয়া, লোহাইমুড়ির মো. মাসুম হায়দার চৌধুরী, রাজাপুরের আব্দুর রশিদ মেম্বার এবং ময়নামতি ইউনিয়নের জিয়াপুর এলাকার মো. সোহেল রানা।পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করছে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ রাজনৈতিক কার্যক্রম ও নাশকতার অভিযোগে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এর আগে রোববার বুড়িচং এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিক্ষোভ কর্মসূচির অভিযোগ ওঠে। এ ঘটনায়ও পুলিশ অভিযান চালানোর তথ্য পাওয়া যায়।

বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী আটক