কোন ইউপিতে কবে ভোট? চূড়ান্ত সিদ্ধান্ত ১৬ নভেম্বর!
দেশের কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা চূড়ান্ত করতে আগামী সোমবার (১৬ নভেম্বর ২০২৬) কমিশন সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)। ওই বৈঠকেই পাঁচ ধাপে অনুষ্ঠেয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং ধাপভিত্তিক ভোটের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন। ইসি সচিব জানান, আগামী ১৬ নভেম্বরের কমিশন সভার আলোচ্যসূচিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রাখা হয়েছে। প্রথমটি হলো পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং দ্বিতীয়টি হলো আইডিইএ (IDEA) প্রকল্পের আওতায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টার-সংক্রান্ত বিষয়। এর আগে গত ১২ অক্টোবর ইসি পাঁচ ধাপে ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছিল। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের (২০২৭) ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনের ক্ষেত্রে উপজেলা সদর এবং সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদগুলোর পাশাপাশি যেসব ইউনিয়নে দীর্ঘদিন ধরে নির্বাচন বাকি বা মেয়াদোত্তীর্ণ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে ইসির। তবে কোন জেলার কোন ইউনিয়ন পরিষদ কোন ধাপে নির্বাচনের আওতায় পড়বে, সে বিষয়ে ১৬ নভেম্বরের বৈঠকে আলোচনা শেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে কমিশন।