মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপে আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওয়ের দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া ওই চিঠিতে হাং কাও জানান, ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েন শুরুর পর পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এসব ঘটনায় শুধু রণতরিটির নাবিকরাই নন, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও ছিলেন।সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে হাং কাও আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনার বিস্তারিতও চিঠিতে উল্লেখ করেন।চিঠি অনুযায়ী, গত মার্চে এক নাবিক রণতরি থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকে দেন। পরে তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। আগস্টে আরেক নাবিক সাগরে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য তাকেও জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে। এরপর কোথাও না ভিড়ে টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর রণতরিটিতে থাকা নাবিকদের জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।গত আগস্টে দুটি সংবাদপত্রের প্রতিবেদনে লিংকনে থাকা নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে কয়েকজন নাবিকের জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে আসে। এসব প্রতিবেদনের পর রণতরিটির পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা।জাহাজে নাবিকদের জীবনযাপনের পরিবেশ নিয়েও বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে। এমএস নাওয়ের এক প্রতিবেদনে জাহাজের গোসলখানায় ছত্রাকের উপস্থিতি এবং খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা উল্লেখ করা হয়।এ বিষয়ে হাং কাও জানান, একপর্যায়ে নাবিকদের জন্য খাবারের প্রধান দুটি পদের পরিবর্তে একটি পদ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তিনি ব্যাখ্যা দেন। তবে প্রতিদিন নাবিকদের জন্য পুষ্টিসম্পন্ন চারটি খাবার পরিবেশন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছিল বলেও স্বীকার করেছেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী।নাবিকদের মনোবল কমে যাওয়া এবং জাহাজের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব খবরকে গুরুত্ব না দেওয়ার অভিযোগের মুখে পড়েন। গত আগস্টে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সংবাদমাধ্যম জাহাজটির পরিস্থিতিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।তবে সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যেসব প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন, সেসব প্রতিবেদনেই মার্কিন সেনাসদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছিল।এদিকে বুধবার মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবলের বিষয়টি নৌবাহিনী এবং নৌবাহিনী সচিব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।