ইরানের প্রখ্যাত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ হুসেইন খোরাসানি আর নেই
ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা ও কোম সেমিনারির জ্যেষ্ঠ অধ্যাপক গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ইরাকের নাজাফ সেমিনারিতে দুই দিনের পাঠদান স্থগিত করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়াতুল্লাহ খোরাসানির দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভোগার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।বরেণ্য এই ধর্মীয় পণ্ডিতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরাকের ঐতিহ্যবাহী নাজাফ সেমিনারি। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার ও বুধবার সেমিনারির পাঠদান কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।নাজাফ সেমিনারির শোকবার্তায় বিশেষভাবে ‘মুসাফিরের নামাজ’ বিষয়ক পাঠদান বন্ধ রাখার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে শিয়া ধর্মীয় শিক্ষায় আয়াতুল্লাহ খোরাসানির অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।১৯২১ সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন শেখ হুসেইন ওয়াহিদ খোরাসানি। সেখানেই তাঁর ধর্মীয় শিক্ষার হাতেখড়ি হয়। প্রাথমিক শিক্ষা শেষ করে উচ্চতর ইসলামি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে তিনি ইরাকে যান।ইরাকের নাজাফ সেমিনারিতে অধ্যয়নকালে তিনি প্রখ্যাত শিয়া ধর্মীয় পণ্ডিত গ্র্যান্ড আয়াতুল্লাহ আবুল কাসিম আল-খোয়ির সান্নিধ্য লাভ করেন। পরবর্তী সময়ে তাঁর অন্যতম প্রধান শিষ্য হিসেবে পরিচিতি পান।দীর্ঘ অধ্যয়ন ও গবেষণার মাধ্যমে তিনি ইসলামি আইনশাস্ত্রের সর্বোচ্চ যোগ্যতাগুলোর একটি ‘ইজতিহাদ’ স্তরে পৌঁছান। এই যোগ্যতা অর্জনের পর তিনি ইরানের মাশহাদে ফিরে আসেন।পরবর্তী সময়ে কোম শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন আয়াতুল্লাহ খোরাসানি। সেখানে কোম সেমিনারিতে দীর্ঘদিন ইসলামি ফিকাহ বা আইনশাস্ত্র এবং উসুলুল ফিকাহ বা আইনশাস্ত্রের মূলনীতি বিষয়ে অধ্যাপনা করেন।ধর্মীয় শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী গড়ে তোলার কাজে জীবনের দীর্ঘ সময় ব্যয় করেছেন এই শিয়া ধর্মীয় পণ্ডিত। তিনি শিয়া মুসলিমদের অন্যতম উচ্চপর্যায়ের ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবেও পরিচিত ছিলেন।তাঁর মৃত্যুতে ইরান ও ইরাকের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শোক প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নাজাফ সেমিনারির দুই দিনের পাঠদান স্থগিতের সিদ্ধান্ত তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে নেওয়া হয়েছে।