সেপ্টেম্বরের মধ্যে রিটার্নে মিলবে ৫ শতাংশ কর ছাড়
নির্ধারিত সময়ের শুরুতেই আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে নতুন প্রণোদনা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার শ্রেণির করদাতারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।তবে একজন করদাতা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত এই সুবিধা নিতে পারবেন। ৩০ সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে কর ছাড়টি আর প্রযোজ্য হবে না।[BANGVIEWS-POST:2974]রোববার এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, স্বেচ্ছায় কর পরিপালনের প্রবণতা বাড়াতে আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধানের আওতায় এ সুবিধা রাখা হয়েছে। ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়া করদাতারা প্রণোদনার আওতায় আসবেন।আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো ছাড় পাওয়া যাবে না। তবে এই সময়ের মধ্যে জমা দিলে অতিরিক্ত করও দিতে হবে না।এরপর রিটার্ন জমা দিলে বিলম্বের জন্য বাড়তি অর্থ পরিশোধ করতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত দাখিল করা রিটার্নে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর হিসেবে দিতে হবে।আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি, অতিরিক্ত কর প্রযোজ্য হবে।এনবিআরের আশা, নতুন ব্যবস্থায় করদাতারা বছরের শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে আগেই রিটার্ন জমা দিতে আগ্রহী হবেন। এতে কর প্রশাসনের ওপর চাপ কমার পাশাপাশি কর পরিপালনের সংস্কৃতিও আরও শক্তিশালী হবে।[BANGVIEWS-POST:2973]এদিকে ২০২৬-২৭ করবর্ষের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের অনলাইন রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। সংস্থাটির ওয়েবসাইটে ২৩ জুলাই এ-সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন ব্যবস্থায় করদাতারা ঘরে বসে রিটার্ন দাখিল করতে পারবেন। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং বিভিন্ন মোবাইল আর্থিক সেবার মাধ্যমে কর পরিশোধের সুযোগও রয়েছে। রিটার্ন সফলভাবে জমা হলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।
অনলাইনে রিটার্ন দাখিলে সমস্যায় পড়লে সরকারি ছুটির দিন ছাড়া অফিস সময়ে কল সেন্টার ও ইলেকট্রনিক মাধ্যমে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে এনবিআর।