২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে এনসিপি
দেশের ৫০০ উপজেলার মধ্যে ২৭৬টিতে আহ্বায়ক কমিটি গঠন সম্পন্ন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সংগঠক সারজিস আলম এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ মহানগর বাদে দেশের ১১টি মহানগরের ৬১টি থানার মধ্যে ৩৪টিতেও ইতোমধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।সারজিস আলম বলেন, আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের সব ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নিয়ে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।এর পাশাপাশি দেশের ৩৩০টি পৌরসভাতেও আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এসব পৌরসভায় কমিটি গঠনের কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে বলে জানান তিনি।এর আগে সেপ্টেম্বরের শেষ দিকে এনসিপির পক্ষ থেকে অক্টোবরের মধ্যে দেশের সব উপজেলায় কমিটি গঠনের পরিকল্পনার কথা জানানো হয়েছিল। দলটি জেলা পর্যায়ের সাংগঠনিক কাঠামো গুছিয়ে উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে গুরুত্ব দিচ্ছে।দলটির সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও গতিশীল করতে ২৩ সদস্যের একটি সাংগঠনিক উপকমিটিও গঠন করা হয়েছে। সারজিস আলমকে ওই উপকমিটির প্রধান করা হয়েছে।এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠপর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সামনে রেখে কমিটি গঠনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।