জাতিসংঘের আল-কায়েদা সতর্কতা ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে আল-কায়েদার সম্ভাব্য তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে যে সতর্কতার কথা বলা হয়েছে, সেটি সরকার আপাতত আমলে নিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রতিবেদনটি এখনো নিজে পড়েননি বলেও জানিয়েছেন তিনি।সোমবার (১৭ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে ভারতীয় উপমহাদেশে আল-কায়েদার শাখা আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট (একিউআইএস) বাংলাদেশে সন্ত্রাসী সেল গড়ে তোলার চেষ্টা করতে পারে বলে সতর্ক করা হয়।এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ জানান, তিনি এখনো প্রতিবেদনটি সরাসরি পড়েননি। গণমাধ্যমে প্রকাশিত তথ্যের মাধ্যমে বিষয়টি সম্পর্কে জেনেছেন।[BANGVIEWS-POST:3865]জাতিসংঘের প্রতিবেদন সরকার আমলে নিচ্ছে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, সরকার সেটি আমলে নিচ্ছে না এবং তিনি নিজেও এখনো প্রতিবেদনটি পড়েননি।স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, গণমাধ্যম থেকে তিনি যতটুকু জেনেছেন, তাতে ভবিষ্যতে এ ধরনের তৎপরতা ঘটতে পারে বলে আশঙ্কা বা অনুমান প্রকাশ করা হয়েছে। অনুমানের ভিত্তিতে তৈরি কোনো প্রতিবেদনের ওপর সরকার নির্ভর করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে অন্য কোনো মন্ত্রণালয় বা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে বলে যে আলোচনা চলছে, সে বিষয়েও সাংবাদিকরা জানতে চান। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনিও এ ধরনের গুঞ্জনের কথা শুনেছেন।এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সরকারের অর্জন ও অগ্রগতির কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।