ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৩৮ বছর বয়সে মারা গেলেন ‘দ্য রুকি’ অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সমুদ্র থেকে উদ্ধারের পর মারা গেছেন অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৮ বছর। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ইউ’ এবং এবিসির ‘দ্য রুকি’তে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর ঘটনা তদন্ত করছে সান্তা মনিকা পুলিশ।গত সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৬ মিনিটের দিকে সান্তা মনিকা জেটির পশ্চিম প্রান্তের কাছে সমুদ্রে এক ব্যক্তিকে দেখতে পাওয়ার খবর পায় পুলিশ। পরে উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে তাঁকে পানি থেকে উদ্ধার করেন। পুলিশের তথ্য অনুযায়ী, সান্তা মনিকা পুলিশ বিভাগের হারবার গার্ড সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন। আলেকজান্ডারকে পানি থেকে তুলে একটি উদ্ধারকারী নৌকায় নেওয়া হয়। সেখানে তাঁকে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বা সিপিআর দেওয়া হয়।এরপর তাঁকে জেটির ডেকে নিয়ে আসা হলে জরুরি চিকিৎসাকর্মীরা জীবন রক্ষার চেষ্টা চালান। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলে বিকেল ৪টা ৫৬ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করা হয়।পরবর্তী সময়ে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। নিশ্চিত করা হয়, তিনি ৩৮ বছর বয়সী অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিন। আলেকজান্ডারের মৃত্যুর পর ঘটনাস্থলে একজন নারীর সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়েছিল বলে কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়। তবে সেই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে সান্তা মনিকা পুলিশ বিভাগ।পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার ঠিক আগে আলেকজান্ডার একাই ছিলেন। ওই সময় অন্য কারও সঙ্গে তাঁর কথা বলা বা যোগাযোগ করার প্রমাণ পাওয়া যায়নি।ঘটনাস্থলের নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পর্যালোচনার ভিত্তিতেও প্রাথমিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। ফলে মৃত্যুর আগে এক নারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার যে দাবি ছড়িয়েছিল, সেটি পুলিশের তদন্তে সমর্থন পায়নি। এদিকে ছেলের আকস্মিক মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন আলেকজান্ডারের বাবা। তিনি জানিয়েছেন, ঘটনার দিন ভোরে ছেলে তাঁকে একটি সংক্ষিপ্ত বার্তা পাঠিয়েছিলেন। এরপর তাঁদের আর যোগাযোগ হয়নি।তবে সেই বার্তায় কী লেখা ছিল, তা প্রকাশ করেননি পরিবারের সদস্যরা।আলেকজান্ডারের পরিবার জানিয়েছে, মৃত্যুর আগে তাঁর আচরণে উদ্বেগজনক কোনো পরিবর্তন তাঁদের চোখে পড়েনি।পরিবারের সঙ্গে আসন্ন থ্যাংকসগিভিং উৎসব কাটানোর পরিকল্পনাও ছিল তাঁর। ঘটনার দুই দিন আগে, ১৪ নভেম্বর বাবার সঙ্গে প্রায় এক ঘণ্টা টেলিফোনে কথা হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের ঘনিষ্ঠজনেরা। অভিনয়ের পাশাপাশি আলেকজান্ডার একজন ব্যক্তিগত ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। শরীরচর্চা ও পুষ্টিবিষয়ক কাজের প্রতিও তাঁর বিশেষ আগ্রহ ছিল।এর আগে তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। সামরিক বাহিনীর চাকরি শেষে ফিটনেস প্রশিক্ষণ ও অভিনয়ের সঙ্গে যুক্ত হন।অভিনয়জীবনে নেটফ্লিক্সের ‘ইউ’, এবিসির ‘দ্য রুকি’সহ কয়েকটি টেলিভিশন প্রযোজনায় ছোট চরিত্রে কাজ করেছেন আলেকজান্ডার। তবে তিনি এসব ধারাবাহিকের প্রধান অভিনয়শিল্পী ছিলেন না। তাঁর মৃত্যুর ঘটনা আত্মহত্যার সম্ভাবনা বিবেচনায় তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সান্তা মনিকা পুলিশ বিভাগ। তবে এটি তদন্তের একটি দিক। চিকিৎসা পরীক্ষকের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সূত্র : পিপল

৩৮ বছর বয়সে মারা গেলেন ‘দ্য রুকি’ অভিনেতা আলেকজান্ডার হ্যাসকিন