ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ ও আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক, বাংলাদেশে আর্জেন্টিনার অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি, দেশের সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।বৈঠকে উভয় পক্ষই আগামী দিনগুলোতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় আর্জেন্টিনার ধারাবাহিক ও দৃঢ় কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকার পাশাপাশি বাংলাদেশে লাতিন আমেরিকার দেশটির প্রত্যক্ষ বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।এ গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে আর্জেন্টিনা দূতাবাসের মিশন উপপ্রধান পাত্রিসিও উরুয়েনা পালাসিও উপস্থিত ছিলেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতার পক্ষে উপস্থিত ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং বিরোধীদলীয় নেতার উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য আলী আহমাদ মাবরুর।

জামায়াত আমিরের সঙ্গে আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ