ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আরবদের বাদ দিয়ে সরকার গঠনের আহ্বান শারেন হাস্কেলের

ইসরায়েলের জাতীয় সংসদ (নেসেট) নির্বাচনের ভোট গণনাকে ঘিরে সরকার গঠন নিয়ে যখন জটিল অচলাবস্থা তৈরি হয়েছে, ঠিক তখনই আরবদের সম্পূর্ণ বাদ দিয়ে একটি ঐক্যবদ্ধ জায়নবাদী ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ডানপন্থী দল ‘ইসরাইল ফার্স্ট’-এর প্রধান ও দেশটির সাবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী শারেন হাস্কেল। একই সঙ্গে এবার ইসরায়েলের ফিলিস্তিনি সংখ্যালঘু নাগরিকদের রেকর্ডসংখ্যায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করার জন্য কট্টর ডানপন্থী ইহুদি নেতাদের নীতি ও উসকানিমূলক আচরণকে সরাসরি দায়ী করেছেন তিনি।বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি কট্টর জাতীয়তাবাদী নেতা ইতমার বেন-গ্যভির এবং অর্থমন্ত্রী বেজালেল সমোত্রিচের তীব্র সমালোচনা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।শারেন হাস্কেল তাঁর বিবৃতিতে উল্লেখ করেন, বেন-গ্যভির ও সমোত্রিচের মতো উগ্র ডানপন্থী নেতাদের আগ্রাসী বক্তব্য ও নীতির কারণেই মূলত ভীত ও ক্ষুব্ধ হয়ে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরা এবার ভোটকেন্দ্রে দলবেঁধে গিয়ে ‘জায়নবাদ-বিরোধী দলগুলোকে’ বিপুল সংখ্যায় বিজয়ী করেছেন। এর ফলে নেসেটে আরব দলগুলোর শক্তি অভূতপূর্বভাবে বেড়েছে। এই রাজনৈতিক জটিলতা কাটিয়ে ওঠার একমাত্র সমাধান হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বী মূলধারার প্রধান ইহুদি রাজনৈতিক দলগুলোকে নিজেদের বিভেদ ভুলে একটি ‘বৃহৎ জাতীয় সরকার’ গঠনে এগিয়ে আসার প্রস্তাব দেন, যেখানে কোনো আরব প্রতিনিধি কিংবা তাদের দ্বারা সমর্থিত রাজনৈতিক শক্তির স্থান থাকবে না।উল্লেখ্য, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) অতি-অর্থোডক্স (হেরেদি) ইহুদিদের সামরিক দায়িত্ব পালনের বাধ্যবাধকতা স্থগিত সংক্রান্ত একটি বিতর্কিত আইনের প্রতিবাদের অংশ হিসেবে তিনি উপ-পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে গত জুলাই মাসে তিনি ‘ইসরাইল ফার্স্ট’ নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। দলটি প্রতিষ্ঠার পর থেকেই দেশটির রাজনীতি থেকে আরব দলগুলো এবং অতি-অর্থোডক্স ধর্মীয় দলগুলো—উভয় পক্ষকেই শাসনক্ষমতা থেকে বাইরে রেখে একটি স্বতন্ত্র ও খাঁটি জায়নবাদী সরকার কাঠামোর পক্ষে প্রচার চালিয়ে আসছে।নেসেটে আসন পাওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৩ দশমিক ২৫ শতাংশ জাতীয় ভোটের নির্বাচনী থ্রেশহোল্ড (Threshold) তাঁর দল অতিক্রম করতে পারবে না বলে বিভিন্ন বুথফেরত জরিপ ও প্রাথমিক গণনায় পূর্বাভাস দেওয়া হলেও নিজের কঠোর রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছেন হাস্কেল। তিনি দ্ব্যর্থহীন ভাষায় জানান, যে আদর্শ ও প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য তিনি লড়াই করে যাচ্ছেন, তার জন্য তিনি অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আরও বেশি গর্বিত।সূত্র: আল জাজিরা

আরবদের বাদ দিয়ে সরকার গঠনের আহ্বান শারেন হাস্কেলের