যুক্তরাষ্ট্রের স্কুলে ইসলামি সভ্যতা ও আরব সংস্কৃতি পড়ানোর উদ্যোগ
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সরকারি স্কুলগুলোর জন্য ইসলাম ও আরব স্টাডিজবিষয়ক পাঠ্যসামগ্রী তৈরির নতুন আইন কার্যকর হয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া এই আইনের আওতায় রাজ্যের স্টেট বোর্ড অব এডুকেশন স্কুল জেলাগুলোর ব্যবহারের জন্য প্রয়োজনীয় কারিকুলাম, নির্দেশিকা ও অন্যান্য শিক্ষা উপকরণ প্রস্তুত করবে। তবে কোনো স্কুল বা স্থানীয় শিক্ষা বোর্ডের জন্য এই পাঠ্যক্রম অনুসরণ করা বাধ্যতামূলক নয়। স্থানীয় কর্তৃপক্ষ চাইলে ইসলাম ও আরব স্টাডিজ নিয়ে আলাদা পাঠদান কার্যক্রম চালু করতে পারবে অথবা বিদ্যমান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো যুক্ত করতে পারবে। নতুন বিধানের উদ্দেশ্য হলো ইসলামি সভ্যতা, আরব ইতিহাস, সংস্কৃতি এবং মুসলিম জনগোষ্ঠীর অবদান সম্পর্কে নির্ভরযোগ্য ও মানসম্মত শিক্ষা উপকরণ স্কুলগুলোর কাছে সহজলভ্য করা। রাজ্যের শিক্ষা বিভাগ বিশেষজ্ঞদের সহায়তায় এসব উপকরণ তৈরি ও অনলাইনে প্রকাশ করতে পারে।[BANGVIEWS-POST:2938] কানেকটিকাটে এর আগেও বিভিন্ন জনগোষ্ঠীর ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পাঠ্যক্রম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আফ্রিকান-আমেরিকান ও কৃষ্ণাঙ্গ ইতিহাস, পুয়ের্তো রিকান ও লাতিনো স্টাডিজ, নেটিভ আমেরিকান স্টাডিজ, এশিয়ান আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডার স্টাডিজ এবং হলোকাস্ট ও গণহত্যা সম্পর্কে শিক্ষা উপকরণ দেওয়ার বিধান রয়েছে। নতুন আইনকে স্বাগত জানিয়েছেন রাজ্যের মুসলিম সম্প্রদায়ের নেতারা। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের কানেকটিকাট শাখার চেয়ারম্যান ফরহান মেমন বলেছেন, এই আইনের অর্থ সব স্কুলে অবিলম্বে ইসলাম বা আরব স্টাডিজ পড়ানো শুরু হবে না। আগ্রহী স্কুলগুলোকে মানসম্মত উপকরণ ব্যবহারের সুযোগ দেওয়াই এর মূল লক্ষ্য। আইনটির আরেকটি অংশে সরকারি স্কুলে ইহুদিবিদ্বেষ মোকাবিলায় একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের বিধান রাখা হয়েছে। ওই কমিটি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্কুলকর্মীদের জন্য সচেতনতা কার্যক্রম, শিক্ষা উপকরণ এবং প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের বিভিন্ন ধর্ম, জনগোষ্ঠী ও সংস্কৃতির ইতিহাস সম্পর্কে জানার সুযোগ বাড়াবে। একই সঙ্গে ভুল ধারণা, বিদ্বেষ ও সাংস্কৃতিক বিভাজন কমিয়ে আরও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করতে পারে।