৩৪ বছর বয়সে মারা গেলেন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মিতে
জনপ্রিয় মার্কিন টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা আরজে মিতে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর। সোমবার, ১২ অক্টোবর তার প্রতিনিধিরা মৃত্যুর খবর নিশ্চিত করেন।আরজে মিতের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তার প্রতিনিধি শন রেইলি এক বিবৃতিতে অভিনেতাকে প্রতিভাবান শিল্পী, সমাজসেবক এবং প্রতিবন্ধী অধিকারকর্মী হিসেবে স্মরণ করেছেন।২০০৮ সালে ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান মিতে। সিরিজটিতে তিনি রসায়নের শিক্ষক ওয়াল্টার হোয়াইটের ছেলে ওয়াল্টার হোয়াইট জুনিয়রের চরিত্রে অভিনয় করেন। চরিত্রটি বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে নিজের জীবনের অভিজ্ঞতাও কাজে লাগিয়েছিলেন তিনি। মিতে সেরিব্রাল পালসিতে আক্রান্ত ছিলেন। তার অভিনীত চরিত্রটিও একই শারীরিক অবস্থার সঙ্গে লড়াই করছিল। ফলে পর্দায় চরিত্রটির অভিজ্ঞতা ও দৈনন্দিন সংগ্রাম তার অভিনয়ে আরও বাস্তব হয়ে উঠেছিল। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে সক্রিয় ছিলেন মিতে। তিনি ইউনাইটেড সেরিব্রাল পালসি ও শ্রাইনার্স চিলড্রেনসের সঙ্গে দূত হিসেবে কাজ করেন। পাশাপাশি দাতব্য ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য ‘মিতে ফাউন্ডেশন’-এর সভাপতির দায়িত্বও পালন করেন। ব্রেকিং ব্যাড’ ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাঁচটি মৌসুমে প্রচারিত হয়। সিরিজটি টেলিভিশন ইতিহাসের অন্যতম প্রশংসিত প্রযোজনা হিসেবে বিবেচিত এবং ২১ শতকের সেরা টেলিভিশন সিরিজের তালিকায় দ্য নিউইয়র্ক টাইমসের স্বীকৃতিও পেয়েছে। আরজে মিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ‘ব্রেকিং ব্যাড’-এর সহশিল্পী ও ভক্তদের মধ্যে শোক নেমে এসেছে। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার ও প্রতিনিধিত্বের পক্ষে তার কাজও তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে।