লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন দায়িত্ব পেয়েছেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স তাঁকে নিজেদের হাই-পারফরম্যান্স সেন্টারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য জানিয়েছে।নতুন দায়িত্বে ফ্র্যাঞ্চাইজিটির হাই-পারফরম্যান্স সেন্টারের উন্নয়নে পরামর্শ দেবেন আমিনুল ইসলাম। বিশেষ করে খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, উন্নত কোচিং পদ্ধতি এবং তরুণ ও উদীয়মান ক্রিকেটারদের জন্য সুযোগ তৈরির বিষয়গুলোতে কাজ করবেন তিনি।ক্রিকেটারদের উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এক দশক আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন বুলবুল।আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের উন্নয়ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের ক্রিকেট প্রশাসনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই ক্রিকেটার।এবার সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারে। তাঁর পরামর্শে খেলোয়াড়দের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি নতুন প্রতিভাবান ক্রিকেটারদের এগিয়ে নেওয়ার লক্ষ্য রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির।তবে উপদেষ্টা হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ কিংবা নিয়োগের আর্থিক শর্ত সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।