ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গাজা থেকে বড় বিপদের আশঙ্কা, নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন কামেল

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার কয়েক দিন আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছিলেন মিসরের গোয়েন্দাপ্রধান আব্বাস কামেল। ওই ফোনালাপে তিনি গাজা থেকে আসন্ন হামলার বিষয়ে নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৭ অক্টোবরের হামলার আগে মিসর আরও দুই দফা ইসরাইলকে সতর্ক করেছিল। তবে ইসরাইল সেসব সতর্কবার্তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমলে নেয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আরব সরকারের কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়, ২০২৩ সালের জুনে মিসর প্রথম ইসরাইলকে গাজার ক্রমবর্ধমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে সতর্ক করেছিল। একই সময়ে হামাসের সঙ্গে জিম্মি ও বন্দিবিনিময় চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর পরামর্শও দেওয়া হয়েছিল।এরপর ওই বছরের সেপ্টেম্বরে ইসরাইল সফর করেন আব্বাস কামেল। সে সময় তিনি গাজার পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে এবং যেকোনো সময় তা সবার জন্য বড় ধরনের বিপদের কারণ হতে পারে বলে সতর্ক করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।তবে ইসরাইলি কর্মকর্তারা কামেলের সতর্কবার্তা প্রত্যাখ্যান করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে তাকে জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।এরপর ৭ অক্টোবরের হামলার কয়েক দিন আগে নেতানিয়াহুর কার্যালয়ে ফোন করেন মিসরের গোয়েন্দাপ্রধান। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, হামলার আগ পর্যন্ত মিসর ইসরাইলকে একাধিকবার সতর্ক করে গিয়েছিল। এমনকি হামলার ৪৮ ঘণ্টা আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।তবে এসব সতর্কবার্তায় হামলার নির্দিষ্ট সময় কিংবা সম্ভাব্য হামলার ব্যাপকতা সম্পর্কে কোনো তথ্য ছিল না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।হামলার আগে ইসরাইল কী ধরনের গোয়েন্দা তথ্য পেয়েছিল এবং কোন কোন সতর্কসংকেত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়নি—এ নিয়ে সাম্প্রতিক সময়ে প্রকাশিত অন্যান্য প্রতিবেদনেও একই ধরনের তথ্য উঠে এসেছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে।এদিকে নেতানিয়াহু এর আগে দাবি করেছিলেন, ৭ অক্টোবরের হামলার কয়েক মাস আগে আব্বাস কামেলের সঙ্গে তার কোনো কথা হয়নি।এ ছাড়া সাম্প্রতিক আরও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানও ২০২৩ সালের সেপ্টেম্বরে নেতানিয়াহুকে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেছিলেন।তবে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও নেতানিয়াহুর কার্যালয়, মিসর ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

গাজা থেকে বড় বিপদের আশঙ্কা, নেতানিয়াহুকে আগেই সতর্ক করেছিলেন কামেল