সিরিয়ায় ইসরায়েলি হামলা, উত্তেজনা প্রশমনে উচ্চপর্যায়ে যোগাযোগ
সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সম্প্রতি ইসরায়েলি হামলার পর সৃষ্ট উত্তেজনা কমাতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে উচ্চপর্যায়ে যোগাযোগ হয়েছে। রোববার (২৩ আগস্ট) দুই পক্ষের মধ্যে এ যোগাযোগ হয়। সোমবার (২৪ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এ খবর জানিয়েছে ইরাকি সংবাদমাধ্যম শাফাক নিউজ।প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানের মধ্যে বৈঠক হয়েছে। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।[BANGVIEWS-POST:4348]এর আগে গত মঙ্গলবার উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশে অবস্থিত আবু আল-দুহুর বিমানঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। হামলায় বিমানঘাঁটির রানওয়ে ও কিছু সরঞ্জাম সংরক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, সিরিয়া ওই বিমানঘাঁটিতে তুরস্কের সেনা মোতায়েনের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছিল। সেখানে তুর্কি সামরিক উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছিল তেল আবিব।তবে তুরস্ক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেছে, হামলার সময় বিমানঘাঁটিতে কোনো তুর্কি সামরিক সদস্য ছিলেন না।[BANGVIEWS-POST:4347]সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও তুরস্ককে ঘিরে ইসরায়েলের আশঙ্কা নাকচ করেছেন। তিনি বলেন, ওই ঘাঁটিতে তুরস্কের কোনো সামরিক ঘাঁটি স্থাপন বা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না।তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত অবকাঠামো সংস্কার করে বিমানঘাঁটিটি সিরিয়ার বিমানবাহিনীর ব্যবহারের উপযোগী করাই ছিল সেখানে চলমান কাজের উদ্দেশ্য। ইসরায়েলি বিমান হামলার সময় ঘাঁটিটি প্রায় খালি ছিল।সূত্র: শাফাক নিউজ