জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে আলেক খান নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। আবুল কালাম আজাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।আদালত সূত্রে জানা যায়, এদিন কারাগার থেকে আবুল কালাম আজাদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তের স্বার্থে তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন। পরে তাঁকে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে অংশ নিয়েছিলেন আলেক খান। মিছিল চলাকালে তিনি গুলিবিদ্ধ হন।ওই ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসা গ্রহণ করেন আলেক খান। পরবর্তী সময়ে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন তিনি।সেই মামলার তদন্তের অংশ হিসেবে সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত আবেদনটি গ্রহণ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।