ঢাকা    শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের আপার সিয়াংয়ে প্রস্তাবিত বহুমুখী মেগা বাঁধ প্রকল্পের বিরুদ্ধে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। পরিস্থিতির অবনতি হওয়ায় চীন সীমান্তবর্তী কৌশলগত এ অঞ্চলে বিপুলসংখ্যক রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে পেমা খান্ডুর নেতৃত্বাধীন বিজেপি সরকার। শুক্রবার যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ছয়জন নারী গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীটিকে ব্যাপক হারে কাঁদানে গ্যাসের (টিয়ার গ্যাস) শেল ছুড়তে হয়।সিয়াং অঞ্চলের আদিবাসীদের শীর্ষ সামাজিক সংগঠন ‘আদি বানে কেবাং’, ‘সিয়াং ইন্ডিজেনাস ফার্মার্স ফোরাম’-এর যুব শাখাসহ স্থানীয় যৌথ প্রতিরোধ কমিটিগুলো শুক্রবার (২৩ অক্টোবর) অঞ্চলটিতে ১২ ঘণ্টার সর্বাত্মক ধর্মঘট বা ‘বন্ধ’-এর ডাক দেয়। এই ধর্মঘটের ফলে সিয়াং, আপার সিয়াং ও ইস্ট সিয়াং জেলার জনজীবন পুরোপুরি স্থবির হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিক্ষোভ চলাকালে পুলিশের নিক্ষিপ্ত কাঁদানে গ্যাসের ক্যানিস্টার সরাসরি বেশ কয়েকজন আন্দোলনকারীর গায়ে আঘাত হানে এবং গ্যাসে অনেকেই তীব্র শ্বাসকষ্টে ভোগেন।আন্দোলনকারীদের প্রধান দাবি মূলত চারটি—গ্রেপ্তারকৃত ১০ জন তরুণ আন্দোলনকারীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আন্দোলনকে সমর্থনের দায়ে বরখাস্ত করা স্থানীয় প্রথাগত গ্রামীণ প্রধান বা ‘গাওঁ বুড়া’দের পদে পুনর্বহাল করতে হবে, প্রস্তাবিত মেগা বাঁধের যাবতীয় প্রাক-সমীক্ষা (সার্ভে) অবিলম্বে বন্ধ করতে হবে এবং সাধারণ আদিবাসী অধ্যুষিত এলাকা থেকে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে।তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। সিয়াংয়ের পুলিশ সুপার কামদাম সিকম জানিয়েছেন, ডিটে-ডাইমে এলাকায় দেড় থেকে দুই শত বিক্ষোভকারী সমবেত হয়ে সহিংস পরিস্থিতি তৈরির চেষ্টা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। এছাড়া পাসিঘাটেও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়লে সংঘর্ষ বাঁধে এবং ক্ষুব্ধ আন্দোলনকারীদের হামলায় পুলিশের একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।এদিকে এ ঘটনায় রাজ্য সরকারের চরম সমালোচনা করে তীব্র প্রতিবাদ জানিয়েছে অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিটি (এপিসিসি)। পুলিশের এই অতিরিক্ত বলপ্রয়োগের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করে বিরোধী দলটি বলেছে, বলপ্রয়োগের মাধ্যমে কখনো স্থানীয় আদিবাসী মানুষের সম্মতি আদায় করা যায় না। প্রতিশ্রুতি ভঙ্গ করে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে অভিযোগ তুলে কংগ্রেস অবিলম্বে আদিবাসী সংগঠন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে সংলাপে বসার এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

চীন সীমান্তবর্তী অরুণাচল প্রদেশে বাঁধ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ