আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে: প্রেস সচিব
দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে আহত ও নিহত ব্যক্তিদের অবদান রাষ্ট্র কখনো ভুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় সম্মান ও সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।রোববার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।সালেহ শিবলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন। রাষ্ট্র পর্যায়ক্রমে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করবে। তবে এ জন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।[BANGVIEWS-POST:3003]আন্দোলনে নিহত ও আহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দীর্ঘদিনের আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পর্যায়ক্রমে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং আগের সরকারের রেখে যাওয়া বিভিন্ন সংকট মোকাবিলা করছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে।[BANGVIEWS-POST:3002]নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, দেশের প্রত্যেক নাগরিক নিরাপত্তা পাওয়ার অধিকার রাখেন। শহীদদের স্বপ্নের নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ নির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতারাসহ সাংবাদিক ও আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।